৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করেছে ব্যাগ প্যাকার্স। রবিবার রাজধানীর এক রেস্টুরেন্টে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার রিয়াজ আহমেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন কোলকাতার অ্যাডভার্টাইসিং অ্যান্ড ফিল্ম মেকিংয়ের ক্রিয়েটিভ কনসালটেন্ট মোনাজ হক, আইসিটি সাংবাদিক এবং ব্যাগপ্যাকার্সের পরিবার ও ডিলাররা।
২০১০ সাল থেকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে একটি আউটলেটের মাধ্যমে ব্যবসা শুরু করে ব্যাগ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স। ২০১৪ তে এসে ব্যাগপ্যাকার্স ই-কমার্স ব্যবসা শুরু করে। ব্যাগপ্যাকার্স বিগত ছয় বছরে কিভাবে তাদের ব্র্যান্ডটিকে প্রতিষ্ঠিত করেছে তা নিয়ে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠানের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু।
IMG0
তিনি বলেন, ‘ব্যাগ নিয়ে ব্যবসার আগ্রহ ছিল আগে থেকেই। তবে সবার আগে দেশের জন্য কিছু করার চিন্তা থেকেই ব্যাগপ্যাকার্স শুরু করা। আমার চিন্তা ছিল মানুষ যখন দেশের বাইরে যাবে তখন যেন দেশের প্রশংসা হয়। নিজস্ব ব্র্যান্ডে ব্যাগগুলো যখন দেশের বাইরে যাবে তখন ব্যাগপ্যাকার্স ব্যাগের সাথে বাংলাদেশ নামটিও উচ্চারিত হবে। আমরা আন্তর্জাতিক মানের কথা চিন্তা করে ব্যাগ তৈরি এবং আমদানি করি। ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর।’
শিক্ষার্থীদের জন্য মূল্য ছাড়ের কোন পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বর্ষপূর্তি উপলক্ষে আমরা শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছি। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে এ সুবিধা ভোগ করতে পারবেন।’
তিনি আরো জানান, ‘আমাদের পরবর্তী টিভি কমার্শিয়াল হবে অনলাইনে কেনাকাটা নিয়ে।’ অনুষ্ঠানে ‘বয়ে চলে সবকিছু সবক্ষণে’ স্লোগানে ব্যাগপ্যাকার্স টিভি বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। শিগগিরই কমার্শিয়ালটি বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা আমির কমপ্লেক্স, গুলশান ডি সি সি মার্কেট, বাইতুল মোকাররম, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মুক্তি প্লাজা, চক বাজার, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ও নিউ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের নিজস্ব বিপণন কেন্দ্রে লাগেজ ও ব্যাগপ্যাকগুলো পাওয়া যাচ্ছে।
