বন্ধ মিল থেকে চাল সংগ্রহের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বন্ধ চাল কল থেকে সরকারিভাবে চাল সংগ্রহের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নিয়ে চাল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
বুধবার বিকেলে নওগাঁয় খাদ্য সংগ্রর বিষয়ে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
 
কামরুল ইসলাম বলেন, বন্ধ মিল থেকে চাল সংগ্রহ করা হচ্ছে এ ব্যপারে পত্র-পত্রিকায় সংবাদ দেখেছি। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নিয়ে চাল সংগ্রহ করা হলে- সে ব্যাপারে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। এ ধরণের অনিয়মের অভিযোগ কারও বিরুদ্ধে প্রমাণিত হলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
 
খাদ্যমন্ত্রী বলেন, গোডাউনের কর্মকর্তারা অসাধু উপায়ে খাদ্যশস্য সংগ্রহের বিষয়ে প্রায়ই সংবাদ প্রকাশিত হয়। এসব বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেয়া হয়। কোনো খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি করে নিন্মমানের চাল সংগ্রহের অভিযোগ পাওয়া গেলে কোনো ধরণের ছাড় দেয়া হবে না। সামনে বোরো মৌসুমে রপ্তানিযোগ্য চাল সংগ্রহ করা হবে।তাই খাদ্য সংগ্রহের বিষয়ে অতি সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে নিন্মমানের চাল সংগ্রহ করা না হয়।
 
নওগাঁ জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক এসএম মোহসিন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, নাটোরের খাদ্য নিয়ন্ত্রক রাহানুল কবির, পাবনার মাঈনুল উদ্দীন, সিরাজগঞ্জের জহির উদ্দীন ও রাজশাহী জেলার খাদ্য নিয়ন্ত্রক সুজা আলম।