আগের দিনই প্রতিপক্ষের মাঠে গোল না পাওয়া নিয়ে প্রশ্ন তুলে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেপিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা। রোমার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে তার মোক্ষম জবাব দিলেন এই তারকা ফরোয়ার্ড।
রোনালদো আর হেসে রদ্রিগেজের গোলে সোমবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে এএস রোমাকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। আগামী ৮ মার্চে ফিরতি লেগে রিয়ালের মাঠে মুখোমুখি হবে দুই দল। মূল্যবান দুটি অ্যাওয়ে গোল থাকায় নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার-ফাইনালে উঠবে রোনালদো-বেনজেমারা। রিয়াল কোচ হিসেবে জিদানের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হলো জয় দিয়ে। রিয়ালও অতীত ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে এলো।
ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে ইতালির দলগুলোর বিপক্ষে শেষ আট ম্যাচে জিততে না পারার ব্যর্থতা নিয়ে রোমে গিয়েছিল রিয়াল। শেষ বার তারা কোনো সিরি আর দলকে হারিয়েছিল ১৯৯৭-৯৮ মৌসুমে। অপর ম্যাচে নিজেদের মাঠে ভল্ফসবুর্গের কাছে ৩-২ গোলে হেরেছে গেন্ট। আগামী ৮ মার্চে ফিরতি ম্যাচ খেলতে বেলজিয়ামের দলটি যাবে জার্মানিতে। সেরা আটে উঠতে হলে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে গেন্টকে। গোল.কম।
