চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাকলিয়া থানা এলাকার ফুলকলির সামনে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন মনি নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য মুস্তফা কামাল জানান, বিভাগীয় পিকনিকে বান্দরবানের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় পিকনিক বাসটি চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে। ৯টার দিকে বাকলিয়া থানার কাছাকাছি পৌঁছলে বাসের পাশে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। জানালার পাশে থাকা এক শিক্ষার্থী আহত হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
