ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী (৩০) নামের এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ বিআরটি এর অফিসের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে এ দুর্ঘনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার নাজিরাবাগ বাঙ্গালী বাড়ির মৃত আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ বিআরটি এর অফিসের সামনে দিয়ে ঢাকা থেকে একটি ট্রাক দ্রুত গতিতে আব্দুল্লাহপুর এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মোহাম্মদ আলী নামের এক পথচারি রাস্তা পার হতে গেলে তাকে ট্রাকে চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই তিনি মারা যান।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।
