সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর আজাজ শহরের উদ্দেশে বুধবার অন্তত ৫০০ বিদ্রোহী তুরস্ক সীমান্ত অতিক্রম করেছে। শহরটিতে আসাদ বিরোধীরা কুর্দি বাহিনীর প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রামি আব্দেল বলেন, ‘অন্তত ৫০০ বিদ্রোহী সিরিয়ার আজাজ শহরের উদ্দেশে বাব আল-সালাম সীমান্ত পাড়ি দিয়েছে। কুর্দি বাহিনী প্রদেশটির উত্তরাঞ্চলে অগ্রগতি অর্জন করছে। ব্রিদোহীরা কুর্দিদের মোকাবিলায় জঙ্গিদের সহায়তা করতে চাইছে।’
এই নিয়ে দ্বিতীয় বারের মতো বিদ্রাহীদের একটি বড় দল সীমান্ত অতিক্রম করল। এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রায় ৩৫০ জন বিদ্রোহী ভারী ও হালকা অস্ত্রসহ এতমে সীমান্ত অতিক্রম করে। রুশ বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলে বড় ধরনের অভিযান শুরুর পর দেশটির সরকার বিরোধীরা তাদের সাবেক এই ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে।
সরকারি বাহিনীর আক্রমনের সুযোগে কুর্দি বাহিনী ওই অঞ্চলের তাল রিফাত নগরী নিজেদের দখলে নিয়েছে। কুর্দিরা নিজেদের স্বায়ত্তশাসিত রাজ্য চাইছে। বিদ্রোহীরা এখন শুধু আজাজ শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শহরটি তুরস্ক সীমান্ত ও দক্ষিণ মারিয়া থেকে দূরে নয়। দক্ষিণ মারিয়া পশ্চিমে কুর্দি বাহিনী ও পূর্বে ইসলামিক স্টেট যোদ্ধাদের দ্বারা অবরুদ্ধ রয়েছে। এএফপি।
