গোল করেই রোনালদোর জবাব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২১
ক্রিশ্চিয়ানো রোনালদো সমালোচনার জবাব দিলেন গোল করেই। বুধবার রোমার বিপক্ষে গোল করেই সমালোচকদের মুখ বন্ধ করেন তিনি।
 
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রোনালদোকে অ্যাওয়ে গোলের রেকর্ড নিয়ে প্রশ্ন করায় বেশ রেগে যান তিনি। সংবাদ সম্মেলন ছাড়ার আগে তিনি বলেন, ‘আমি স্পেনে আসার পর কে আমার চেয়ে বেশি অ্যাওয়ে গোল করেছে? একজন খেলোয়াড়ের নাম বলুন যে আমার চেয়ে বেশি গোল করেছে। কোনো উত্তর নেই? ওকে, ধন্যবাদ।’
 
২৪ ঘণ্টার মধ্যেই নিজের জবাব দেন রোমার বিপক্ষে গোল করে।চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে এএস রোমার বিপক্ষে দারুণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন।
চলতি মৌসুমে বড় দলগুলোর বিপক্ষে গোল করতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়েন রোনালদো। তবে গত শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করেন তিনি।
 
তবে গত ২৯ নভেম্বরের পর থেকেই প্রতিপক্ষের মাঠে কোনো গোল করতে পারেননি রোনালদো। যে কারণে মঙ্গলবার সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে বেশ রেগে যান এই পর্তুগিজ সুপারস্টার। বুধবার প্রতিপক্ষের মাঠে রোমার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সমালোচকদের মুখ বন্ধ করেন তিনি।
 
পরিসংখ্যানও বলছে রোনালদোর দাপটের কথা।ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে ১৬২ ম্যাচ খেলে ১৫৪টি গোল করেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। তার প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ১৭১ ম্যাচে ১৩৭ গোল। যদি শুধু লা লিগা নিয়ে হিসেব করা হয় তবে সেখানেও মেসির (১০৩) চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো (১০৬)।