মুন্সীগঞ্জে এক কলেজছাত্রীকে যৌন হয়রানি ও হামলার মামলার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শাহাবাজ মোল্লা আশিক মুন্সীগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মুন্সীগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবাজ মোল্লা আশিক ছাত্রলীগের ‘নীতিবহির্ভূত কার্যকলাপের অভিযোগে’সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে এই অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে শাহাবাজ মোল্লা আশিকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ঘটনার পরদিনই মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
