ভারতে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত শিক্ষাঙ্গন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। এবার তাদের সঙ্গে সংহতি প্রকাশ ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
প্রতিষ্ঠানের উপাচার্য জগদীশ কুমারের কাছে লেখা ৩৭৮ জন বিজ্ঞানী ও শিক্ষাবিদের স্বাক্ষরিত এক চিঠিতে তারা বলেছেন, এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
এ বছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর আফজাল গুরুর ফাঁসি কার্যকরের বর্ষপূর্তি পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ভারত। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভারতীয় দ্ণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা) ও ১২০ বি (ফৌজদারি চক্রান্ত) মামলা দায়ের করেন বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপি।
এনডিএ সরকারের মন্ত্রী রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি কঠোর অবস্থান নেওয়ার হুমকি দিয়েছেন। এরইমধ্যে ছাত্র নেতা কল্যাণ কানহাইয়াকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে। তবে ভারতের বিভিন্ন বামপন্থী সংগঠন, প্রগতিশীল বুদ্ধিজীবী এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কেবল ভারত নয়, ইতিমধ্যে নোম চমস্কি, হোমি কে ভাবা, ডুডিথ বাটলার-সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষাবিদ শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
