পলাশবাড়ীতে হাতুড়ির আঘাতে বোন নিহত, ভাই আহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে এক তরুণী নিহত হয়েছেন। এ সময় তার তার বড়ভাই আহত হন।
 
বৃহস্পতিবার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (২২) ওই গ্রামের মেনাজ উদ্দিনের মেয়ে। আহত জাহিদুল ইসলাম আকন্দকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, রামপুর গ্রামের ১০ শতক জায়গা নিয়ে খুশি ও সবুজ মিয়ার সঙ্গে জাহিদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে খুশি ও সবুজ মিয়ার লোকজন ঘর নির্মাণ করতে গেলে জাহিদুল ও রহিমাসহ তাদের পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সবুজ মিয়ার লোকজন জাহিদুল ও রহিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে দুপুরে রহিমার মৃত্যু হয়। পরে সেখান থেকে জাহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।