স্বর্ণজয়ী শিলাকে বরণ করল অভয়নগরবাসী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৩
এসএ গেমসে ডবল স্বর্ণ জয়ী  মাহফুজা আক্তার শিলা বৃহস্পতিবার নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় অভয়নগরের সীমান্তবর্তী বসুন্দিয়ায় আসলে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ ও উপজেলা চেয়ারম্যান নূরুল হক মোল্যা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
 
এর পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে শতাধিক মোটর শোভাযাত্রা সহকারে নওয়াপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় তার নিজ বাড়ি নওয়াপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার পিতামাতাসহ আত্মীয় স্বজন আনন্দে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময়ে সেখানে হ্জার হাজার লোক স্বর্ণ কন্যা শিলাকে এক নজর দেখতে আসে।
 
শুক্রবার বিকালে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিলাকে গণসংবর্ধনা দেয়া হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
 
মাহফুজা খাতুন শিলার হাত ধরে ভারতের গোহাটী ও শিলংয়ে ১২তম এসএ গেমসে ২টি স্বর্ণ আসে বাংলাদেশে। গত ৮ ফেব্রুয়ারি ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ পদক জেতেন মাহফুজা।