এবার টুইটারেও জিফ বাটন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১
ফেসবুকের পর এবার মাইক্রোব্লগিং সাইট টুইটারেও জিফ শেয়ার করা সম্ভব হবে। আর এটি সহজ করতে টুইটারে জিফ বাটনই নিয়ে আসছে। টুইট করার সময় বিভিন্ন অনুভূতি প্রকাশের জন্য আগে থেকেই জিফ শেয়ার করা যেত। তবে এটি আরও সহজ করতে ও নতুন মাত্রা যোগ করতে টুইটারে যোগ হয়েছে ‘জিফ বাটন’ ।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য টুইটারে ‘জিফ লাইব্রেরি’ নামে একটি সার্চ টুলের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে সহজেই বিভিন্ন অ্যানিমেটেড ছবি, বিভিন্ন মুভির অংশবিশেষের ভিডিও জিফ হিসেবে নির্বাচন করে সেটি সরাসরি মেসেজে কিংবা টুইট করতে পারবেন ব্যবহারকারীরা।
 
টুইটারের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন কিওয়ার্ড পাবেন। যেমন, ‘হ্যাপি ড্যান্স’, ‘মাইক ড্রপ’ ইত্যাদি। 'সামনের কয়েক সপ্তাহের মধ্যেই' ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে টুইটার। আইওএস আর আন্ড্রয়েডের অ্যাপ স্টোর ও টুইটার ডটকম পাওয়া যাবে এটি।
 
জিফি এবং রিফসি, এই দুই প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে জিফ। এই দুটি প্রতিষ্ঠানই একই রকম সেবা প্রদান করে। জিফি এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী অ্যালেক্স চাং এক বিবৃতিতে বলেন, “জিফি টুইটারের আলাপচারিতা এবং কমেন্টগুলোকে আরও বাস্তব করে তুলতে পারে এমন সরবরাহ করে। জিফি ব্যবহারকারীরা সংবাদ, খেলাধুলা, বিনোদন এবং অনুভূতি প্রকাশের জন্য জিফ তৈরি করে যা টুইটকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমরা জিফ শেয়ারিং আরও সহজ করতে টুইটারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।”