লোকসানের কারণে খামারিদের সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৪
বেড়ায় সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহের পরিমাণ ও দাম কমিয়ে দেয়ায় মহাসড়কে দুধ ঢেলে এবং অবরোধ করে প্রতিবাদ করেছেন খামারিরা। বৃহস্পতিবার সকালে বেড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাবনা-বগুড়া মহাড়কে ব্যাপক লোকসানের মুখে এ প্রতিবাদে অংশ নেন খামারিরা। এ সময় তারা প্রতিষ্ঠানগুলোর কাছে দুধের ন্যায্যমূল্য দাবি করেন।
 
খামারিরা জানান, গত এক মাস ধরে সংগ্রকারী প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিয়েছে। একই সঙ্গে সংগৃহীত দুধের দাম লিটারে ২ টাকা ৬০ পয়সা কমিয়ে দিয়েছে। এতে খামারিদের দুধের উত্পাদন খরচ না ওঠায় ব্যাপক লোকসানে পড়েছেন তারা। এ অবস্থায় বেড়া ও সাঁথিয়া উপজেলার ১৫ থেকে ২০ খামারি বেড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাবনা-বগুড়া মহাসড়কের আমাইকোলা সেতুর ওপর দুধ নিয়ে একত্রিত হন। এর কাছেই রয়েছে প্রাণ, আকিজ, আড়ং দুধ, আফতাবসহ কয়েকটি বেসরকারি দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের সংগ্রহ কেন্দ্র। বিক্ষুব্ধ খামারিরা দুধের দাম ও সংগ্রহের পরিমাণ কমিয়ে দেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে সাত থেকে আট ক্যান (প্রতি ক্যানে ৪০ লিটার) দুধ সড়কে ঢেলে দেন। এ সময় সেতুর উভয় পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। প্রতিবাদে নেতৃত্বদানকারী বেড়ার জোড়দহ-বাঙাবড়িয়া প্রাথমিক দুগ্ধ সমিতির (মিল্কভিটা) সভাপতি মাহফুজুর রহমান ঠাণ্ডু জানান, তার সমিতিতে অর্ধশতাধিক খামারি রয়েছেন। মিল্ক ভিটা দুধ সংগ্রহের পরিমাণ ও দাম কমিয়ে দেয়ায় প্রত্যেক খামারিকেই ব্যাপক লোকসান দিতে হচ্ছে।