ময়মনসিংহে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক কিশোরের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও ধারণের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় ওই কিশোরের মা পারভিন আক্তার এ মামলা করেন বলে ওসি কামরুল ইসলাম জানান।
বুধবার দুপুরে শহরের পাটগুদাম ব্রিজমোড় বাসস্ট্যান্ড এলাকায় সাদ্দাম নামের ওই কিশোরের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
ঘটনার পর তার মা কেষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফির উদ্দিন সরুকে নির্যাতনের জন্য দায়ী করলেও মামলার এজাহারে তার নাম উল্লেখ করা হয়নি।
ওসি বলেন, 'অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে মামলার এজাহারে আসামি করা হয়েছে।'
