লালমনিরহাটের পাটগ্রামে জেএমবি সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নবাবচর (খোলামোড়া) এলাকার শের খাঁন (৪০), পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার আব্দুর রহমান (৭০) ও উপজেলার দহগ্রাম ইউনিয়নের জুয়েল হোসেন (৪০)।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় আটকদের লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে হাজির করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এক হোটেলে অভিযান চালিয়ে শের খাঁনকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আব্দুর রহমান ও দহগ্রামের সার ব্যবসায়ী জুয়েল হোসেনকে আটক করে পুলিশ।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
