রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধা রেলওয়ে স্টেশন চত্বরে জেলা সিপিবি ও বাসদ যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা যাত্রীসেবার মান বৃদ্ধি, রেলের আধুনিকায়ন, অনিয়ম লুটপাট বন্ধ ও দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেসসহ বন্ধ হওয়া সকল ট্রেন পুণরায় চালুর দাবি জানান।
সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুভাষ শাহ রায়, অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, ট্রেড ইউনিয়ন নেতা আসোয়াত আলী, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী শাহ, অ্যাডভোকেট মোস্তফা, ছাত্র ইউনিয়ন নেতা মিঠুন রায়, রানু সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
