শিশুর উপর সহিংসতার কয়েকটি ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যে নারায়ণগঞ্জে প্রথম শ্রেণির এক ছাত্রের লাশ পাওয়া গেছে। শুক্রবার বিকালে শহরের চর সৈয়দপুর কড়ইতলী থেকে প্রণব বসুর লাশ উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ মডেল থানার ওসি মো.আব্দুল মালেক।
প্রণব ওই এলাকার রাম বসুর ছেলে এবং স্থানীয় সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। রাম বসু বলেন, ‘দুপুর পৌনে দুইটায় প্রণব বাসা থেকে বের হয়ে খেলতে যায়। বিকাল পর্যন্ত সে বাড়ি না ফেরায় এলাকার আশপাশে তার খোঁজ করতে বের হই।
খোঁজাখুঁজির এক পর্যায়ে কড়ইতলী এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখি।’
ওসি মো.আব্দুল মালেক ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
