খুলনায় কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২১
খুলনায় নদী থেকে নাবিল ইসলাম আকাশ (২২) এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রূপসা উপজেলার আঠারোবাকী নদীর রহিমনগর খেয়াঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত নাবিল ইসলাম আকাশ খুলনা মহানগরীর হাজী মুহসীন রোডের মফিজুল ইসলামের ছেলে। সে নগরীর আহছান উল্লাহ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে নাবিল ইসলাম আকাশ নগরীর ২৮ হাজী মুহসীন রোডের বাসা থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় শুক্রবার সকালে পরিবারের সদস্যরা এ ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। 
 
পরে শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন রূপসা উপজেলার আঠারোবাকী নদীর রহিমনগর খেয়াঘাটে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। রাতে নিহতের পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেন।
 
স্থানীয় কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রহমত আলী জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।