ফতুল্লা থেকে অপহূত শিশু ৩৯ দিন পর কুমিল্লায় উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২৭
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে লিয়ন (২) নামে এক শিশুকে অপহরণের ৩৯ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকায় এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকার দুর্গাপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হলো রংপুরের কোতোয়ালি থানার জানপুর এলাকার পারভীন ওরফে সোমা (২৮), তার স্বামী মজনু মিয়া   (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার জামান (৫৫)।
 
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই শাহিদুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের বাজিতপুরের দাশাআটির দিলু মিয়া তার স্ত্রী বিলকিস ও সন্তান লিয়নকে নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকার একটি বস্তিতে বসবাস করেন। তারা উভয়েই পাথর ভাঙার কাজ করেন। একই বস্তিতে বসবাস করত সোমা ও তার স্বামী মজনু মিয়া। গত ১০ জানুয়ারি বিকালে দিলু মিয়ার কর্মস্থল থেকে শিশু লিয়নকে বাসায় নিয়ে আসার কথা বলে অপহরণ করা হয়। পরে ঐদিন রাতে বস্তির বাসায় দিলু ও তার স্ত্রী এসে দেখেন ঘরে লিয়ন নেই। একদিন পর সোমা ফোন করে দিলুর কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণের টাকা না পেয়ে সোমা ও তার স্বামী শিশুটিকে কুমিল্লায় আনোয়ার আর জামানের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি দিলু মিয়া ফতুল্ল­া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে মোবাইলের সূত্র ধরে সোমা ও তার স্বামী  মজনুকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে, শুক্রবার সকালে কুমিল্ল­া সদর দক্ষিণের দুর্গাপুর এলাকা হতে শিশুটিকে উদ্ধার এবং আনোয়ার ও জামানকে গ্রেফতার করা হয়।
 
এ ঘটনায় উদ্ধারকৃত শিশুর বাবা দিলু মিয়া শুক্রবার দুপুরে ফতুল্ল­া মডেল থানায় মামলা করেছেন।