মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে কিউবা সফর করবেন। ফলে তিনি প্রায় এক শতাব্দীর মধ্যে কিউবা সফর করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে স্ত্রী মিশেলকে নিয়ে তিনি মার্চের ২১-২২ তারিখে কমিউনিস্ট দেশটিতে যাবেন। সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে কিউবায় যাচ্ছেন বলে ওবামা নিজেই মন্তব্য করেছেন।
হোয়াইট হাউস এই সফরকে ‘বার্লিন দেয়াল’ ভেঙ্গে ফেলার মুহূর্তের মত স্মরণীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এটাকে ওবামার পররাষ্ট্রনীতির অর্জন বলে মনে করা হচ্ছে। এক টুইটার বার্তায় ওবামা বলেন, ‘কিউবার জনগণের জীবনমানের উন্নতি বিধানের প্রচেষ্টা ও আমাদের সম্পর্কের অগ্রগতি আরো সামনের দিকে এগিয়ে নিতে আগামী মাসে আমি কিউবা সফর করবো।’
এর আগে ১৯২৮ সালে শেষ আমেরিকান নেতা ক্যালভিন কুলিজ কিউবা সফর করেন। আধা শতাব্দীর বেশি সময়ের বৈরিতার অবসানের পর গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। গত ডিসেম্বরে ওবামা নিজেই বলেন, তিনি কিউবার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের সঙ্গে দেখা করতে চান। কিউবা এর জবাবে বলে, ওবামাকে তারা স্বাগত জানায়, তবে কিউবার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানো তার উচিত হবে না।
