‌'স্বাস্থ্যসেবা উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার'

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৬
জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পদের শূন্যতা পূরণ, আধুনিক যন্ত্রপাতি ও অ্যামবুলেন্স সরবরাহ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ করে চিকিৎসা ব্যবস্থাকে পুরো ঢেলে সাজানো হয়েছে। দেশের গরীব অসহায় দুস্থ মানুষ এখন প্রতিটি হাসপাতালে সু-চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ পাচ্ছেন। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
 
শনিবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ সদর হাসপাতালে ব্যক্তি উদ্যোগে প্রদানকৃত রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য একটি অটো অ্যানালাইজার মেশিনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি হওয়া রোগীদের খোঁজ খবর নেন।
 
নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল তাঁর ব্যক্তিগত অর্থে এই অটো অ্যানালাইজার  মেশিনটি প্রদান করেন। নওগাঁ সদর হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আনজুমান আরা বেগম। এ সময় সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, হাসপাতালের আবাসিক চিকিৎসক খন্দকার মাহফুজুর রহমান গোলাপসহ সকল চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।