ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের শিলপুর গ্রামে জমি নিয়ে পূর্ব শক্রতার জেরে পিতা-পুত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত জাফর আলী (৬০) ও তার পুত্র রহমত আলীকে (৩০) চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে জাফর আলীর অবস্থা আশঙ্কাজনক।
জানাযায়, শুক্রবার বিকালে পাশ্ববর্তী বাড়ির জনৈক সাদেকুর রহমান বিরোধ পূর্ন জমিতে গাছ লাগাতে গেলে জাফর আলী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকের লোকজন জাফর আলীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপ দেয়। এ ঘটনা শুনে মাঠ থেকে বাড়িতে আসার সময় জাফর আলীর পুত্র রহমত আলীকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এ ঘটনার পর জাফর আলীর একটি রান্না ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলেও এলাকাবাসি জানান।
শুক্রবার রাতে আহতদের প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ মোল্লা জানান, দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। আহতরা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখানো থানায় মামলা হয়নি।
