বাগেরহাটে কৃষকলীগ নেতার ভাইয়ের লাশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৮
বাগেরহাটে চার দিন নিখোঁজ থাকার পর এক কৃষকলীগ নেতার ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
নিহত আবুল কাসেম মাখন (৫০) কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের শেখ ওহিদুল নবীর ছেলে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম শিপনের ভাই। 
 
চিতলমারী থানার ওসি মো. রেজাউল করিম জানান, শনিবার সকালে চিতলমারী-পাটগাতি সড়কের চরচিনগুড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। 
 
বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম শিপন জানান, চার দিন আগে তার মেজো ভাই কাসেম বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 
 
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।