সহকর্মীর রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২
রাঙ্গামাটিতে সহকর্মীর রাইফেল থেকে ‘দুর্ঘটনাক্রমে’ বেরিয়ে যাওয়া গুলিতে পূর্ণয় বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 
শনিবার দুপুরে শহরের সুখী নীলগঞ্জে পুলিশ লাইনে এ ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান। পূর্ণয় বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ায়। চার মাস আগে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দেন তিনি।
 
ঘটনাটি আকস্মিকভাবেই ঘটে দাবি করে পুলিশ সুপার বলেন, সকালে পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন শেষে নিজ রুমে যান পূর্ণয়। এ সময় তার রুমমেট কনস্টেবল সৌরভ বড়ুয়ার নিরাপত্তা চৌকিতে ডিউটিতে যাওয়ার কথা ছিল। দুজনে কথা বলার সময় বিছানায় রক্ষিত চাইনিজ রাইফেল থেকে আকস্মিকভাবে ফায়ার হয়। এতে পূর্ণয় কোমরে গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পূর্ণয়ের মৃত্যু হয়।
 
ঘটনার আকস্মিকতায় সৌরভ অচেতন হয়ে পড়েন।তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।