লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টের বাঁশ ভেঙ্গে পাচারকালে কাঠ বোঝাই ৮টি মিনিট্রাক আটক করা হয়েছে।
শনিবার ভোরে লামা উপজেলার রূপসী পাড়া থেকে মিনিট্রাকগুলো আটক করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেকপোস্টের বাঁশ ভাঙ্গার অভিযোগে মো. সোহরাব হোসেন (৪০) নাম এক ড্রাইভারকে পুলিশের সোপর্দ করা হয়েছে।
জানা গেছে লামা-চকরিয়া সড়ক দিয়ে প্রতিদিন ও রাতে আলীকদম এবং লামা হতে ব্যাপকভাবে মূল্যবান বনজ সম্পদ পাচার হয়ে আসছে। শনিবার ভোরে ইয়াংছা মানিকপুর সড়কে স্থাপিত সেনাবাহিনীর চেকপোস্ট ভেঙ্গে কাঠ পাচার করার চেষ্টা করা হয়। ঘটনার টের পেয়ে ইয়াংছা আর্মি ক্যাম্পের সদস্যরা ৫টি মিনিট্রাক এবং লামা থেকে ৩টি মিনিট্রাক জব্দ করে। শনিবার বিকাল পর্যন্ত কাঠ পরিমাপের কাজ চলছিল।
লামা বন বিভাগের ইয়াংছা স্টেশন অফিসার ফরেস্টার মাজহারুল ইসলাম কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
