গোবিন্দগঞ্জে অপহৃত চিকিৎসক জয়পুরহাটে উদ্ধার, আটক ১০

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পবনপুর এলাকা থেকে অপহৃত চিকিৎসক রিফাত জাহান বাপ্পিকে (৩৫) অপহরণের ২০ ঘণ্টা পর পুলিশ উদ্ধার করেছে।
 
শনিবার বিকাল ৩টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।বাপ্পি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের একেএম কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত।
 
বাপ্পির বোন রোমানা বেগম জানান, তার ভাই ছুটি নিয়ে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জে আসেন। শুক্রবার বিকেলে তাকে নিয়ে বাড়ি থেকে অটোরিকশায় গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন। পথে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পবনপুর নামক এলাকায় একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ডা. বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা ডা. তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বাপ্পির বোন রোমানা অপহরণের বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় অবগত করেন। রোমেনার দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংক কর্মকর্তা মঞ্জুরুল আলম রাজুসহ (৪৫) চারজনকে আটক করা হয়। অন্য তিনজন হচ্ছেন- পার্শ্ববর্তী চক রহিমাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২১), বহিরি হিশিমপুর গ্রামের মৃত বাবু মিয়ার দুই ছেলে গোলাম মোস্তফা (২৫) ও গোলাম মওলা (৩৫)।
 
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোনালী ব্যাংক উপজেলার রাজা বিরাট শাখার ক্যাশ কর্মকর্তা মঞ্জুরুল আলম রাজুকে ছেড়ে দেয়। অপর আটককৃতদেরজবানবন্দির ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই থানার গারইল গ্রামের কায়সার মিয়ার বাড়ি থেকে শনিবার বিকাল ৩টার দিকে বাপ্পিকে উদ্ধার করা হয়। এ সময় বাপ্পির চাচাতো ভাই মাহবুব আলম রনিসহ (৩০) আরো ৬ অপহরণকারীকে আটক করা হয়।