আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও গদখালিতে ফুল বিক্রির রেকর্ড

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গদখালীতে ফুল বিক্রির রেকর্ড হয়েছে। বসন্ত বরণ, বিশ্ব ভালবাসা দিবসে রেকর্ড পরিমাণ ফুল বিক্রির ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারিকে ঘিরেও রেকর্ড সৃষ্টি হলো। গত এক সপ্তাহে এখানকার ফুলচাষিরা প্রায় ৫ কোটি টাকার ফুল বিক্রি করেছেন।
 
গত বছর এখান থেকে প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়। আর এবার অনুকূল রাজনৈতিক পরিবেশে রাজধানী ঢাকা ও চট্রগ্রামসহ দেশের নানা প্রান্তে সরবরাহ হয় এখানকার ফুল। এবার ১৬ ডিসেম্বর, বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবসে প্রায় ১৮ কোটি টাকার ফুল বিক্রি করেছেন যশোরের গদখালির ফুলচাষিরা।
IMG0
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদাসহ বিভিন্ন ফুল এবং ফুলজাত উপকরণ জিপসি, রথস্টিক প্রভৃতি। চলতি বছর এ অঞ্চলের চাষিরা প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। এ বছর অনুকূল আবহাওয়ায় ফুলের উৎপাদনও হয়েছে ভাল। এ কারণে ভালবাসা দিবস, বসন্ত দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ কোটি টাকার ফুল বেচাকেনার প্রস্তুতি নিয়েছিলেন গদখালির ফুলচাষীরা। 
 
বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটি সভাপতি আব্দুর রহিম জানান, গদখালিতে শনিবার গোলাপ প্রতিপিস ৫-৬ টাকা, গ্লাডিওলাস ৮-১০ টাকা, রজনীগন্ধা দেড় থেকে ২ টাকা, জারবেরা ৮-১০ টাকা দরে বিক্রি হয়েছে।