বগুড়ায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও শেরপুর ডিগ্রি কলেজের শিক্ষক জিয়া উদ্দিন জাকারিয়া হত্যাকাণ্ডের ‘মূল ঘাতককে’ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান তার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০১৩ সালের ৯ ডিসেম্বর রাতে বগুড়া সদর থানার পেছনে জাকারিয়া বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিন শিবিরকর্মীকে গ্রেফতারের কথা জানান।
গ্রেফতারকৃতরা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার নারচী তরফদারপাড়ার ইব্রাহিম ফকিরের ছেলে মাইনুর ইসলাম ফকির (২১), শিবগঞ্জ উপজেলার সাতআনা কিচক গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মহসিন আলী এবং শহরের সবুজবাগ এলাকাবাসী ও বগুড়া সেন্ট্রাল রহমান জামে মসজিদের ইমাম বেলায়েত হোসেনের ছেলে হাবিবুল্লাহ নাঈম (১৯)। মহসিন বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ও হাবিবুল্লাহ ঢাকার একটি বেসরকারি কলেজে লেখাপড়া করে।
জাকারিয়া বাবু হত্যার দুইদিন পর তার ছোট ভাই সামছুদ্দিন সোলায়মান সাধু অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।
শুক্রবার রাতভর বগুড়া শহরে অভিযানে চালিয়ে ছাত্রশিবিরের এই তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও দাবি করেন পুলিশ সুপার।
