আগৈলঝাড়ায় শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২২

আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজ থাকার চারদিন পর শিশু সজিব মজুমদারের (১০) পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে  উপজেলার কোদালধোয়া গ্রামের একটি মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চতুর্থ শ্রেনীর ছাত্র সজিব উপজেলার বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের পুত্র। মঙ্গলবার সকালে সজিব তার দাদার সাথে বাটরা বাজারে এসে নিখোঁজ হয়।

এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ শিশুর বাবা সঞ্জিত মজুমদার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরি করেন। পরদিন শুক্রবার এ নিয়ে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় সজিবের নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়।

শনিবার সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের মাছের ঘেরে সজিবের পেট কাটা নাড়িভুরি বের হওয়া লাশ ভেসে উঠে। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন পূর্ব পরিকল্পিতভাবে শিশু সজিবকে হত্যার পর লাশ গুমের জন্য পেট কেটে ঘেরে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।  এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, নিহত সজিবের বাবার সাথে একই গ্রামের জনৈক ব্যক্তির সাথে অতি সম্প্রতি পাওনা টাকা নিয়ে মারধরের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ওই ঘটনার জেরধরে এ অবুঝ শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টিকে আমলে নিয়ে তদন্তের কাজ শুরু করেছেন বলে ইত্তেফাককে জানান ওসি মনিরুল ।