ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার দিবাগত রাতে সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সকালবাজার এলাকায় প্রায় ঘণ্টা চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। 
 
এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আবু বক্কর রকেট মিয়ার সমর্থক কিরণ মিয়া। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠায়। ভোরে কিরণ মিয়াকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
 
সরাইল থানার ভারপাপ্ত কর্মকর্তা আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।