বাংলায় ইন্টারনেট ব্রাউজিং সেবা ইউসি ব্রাউজারে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বিশ্বে প্রথমবারের মত বাংলায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা নিয়ে এল ইউসি ওয়েব। বিশ্বের সাথে বাংলাদেশিদের সংযোগ আরো বেশি সহজতর করার লক্ষ্যে এই সেবা চালু করেছে ই-কমার্সের শীর্ষ প্রতিষ্ঠান আলিবাবার অঙ্গসংস্থাটি।
 
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউসি ব্রাউজারের পক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
 
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসি ওয়েবের পরিচালক (বিপণন, ইমার্জিং মার্কেটস) ক্যাথরিন হং, ব্যবস্থাপনা পরিচালক (আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন) ওকে নিইয়েসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সংবাদ সম্মেলনে ক্যাথরিন হং বলেন, গত ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাংলায় সেলফোন ব্রাউজার চালু করে ইউসি ওয়েব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশীদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হলো।
 
ক্যাথরিন জানান, ২০১৫ সালের জুন মাসে চালিত একটি জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে বাংলা ইন্টারফেসে মোবাইল ব্রাউজার চালুর সিদ্ধান্ত নেয় ইউসি ওয়েব। জরিপে দেখা যায়, ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনংসখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষায় ওয়েব ব্রাউজিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এ কারণে ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ইউসি ব্রাউজারের ১০.৭.৮ সংস্করণে বাংলা ইন্টারফেস ব্যবহার করা হয়।
 
কেনি ইয়ে বলেন, বিশ্বের চারটি বিকাশমান প্রযুক্তি বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষ মোবাইল ব্রাউজার হিসেবে ব্যবহৃত হয়। শুধু ২০১৫ সালে ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে ১০৯.২ শতাংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি বাজার। আর তাই বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ইউসি ব্রাউজারে বাংলা ইন্টারফেস চালু করা হয়েছে।
 
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের চারটি বিকাশমান বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষ সেলফোন ব্রাউজার হিসেবে ব্যবহার হচ্ছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। গত বছর ইউসি ব্রাউজারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১০৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।  দেশের প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়ে কন্টেন্ট ও সেবার উন্নয়নই জনপ্রিয়তা বাড়ার মূল কারণ।