কুমিল্লায় মামুন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন ওই গ্রামের আলী আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বাকশিমুল গ্রামের রণি নামের এক যুবকের সঙ্গে মাহফিলে যাওয়ার নাম করে মামুন (৩২) ঘর থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। রবিবার সকালে স্থানীয়রা তার লাশ ওই পুকুরে দেখে পুলিশে খবর দেয়।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
