রোয়াংছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক খালে, আহত ৩

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪
বান্দরবানের রোয়াংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে তিন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার সকাল ৯টার দিকে রোয়াংছড়ি সড়কের খানসামা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
এতে বান্দরবান সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লোকজন হেঁটে যাতায়াত করছে। খানসামা পাড়া, ক্রাইক্ষ্যং পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
 
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. ইউসুফ জানান, দুর্ঘটনার পর সড়ক বিভাগের প্রকৌশলীরা ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছে।