নেত্রকোনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, আটক ১

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৭
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পূর্ববিরোধের জেরে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। নিহত হারুন মিয়া উপজেলার শুনুই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্স পর্বের ছাত্র ছিলেন।
 
রবিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে সেতু মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
এলাকাবাসী জানায়, রবিবার হারুন মিয়া একই গ্রামের সেতু মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে। মারাত্বক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘এখনো সঠিক কিছু জানা যায়নি। আটকৃতকে জিজ্ঞাসাবাদের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।’