আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ স্কুলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক স্কুল ছাত্র। নিহত জামাদুল ইসলাম (১৩) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রজবালা মেঘপাড়া গ্রামের আনসোব আলীর ছেলে ও তালগাছী মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে জামাদুল শহীদ মিনারে ফুল দেবার জন্য বাড়ি থেকে একটি সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সে তালগাছি বাজারে পৌঁছলে পিছন থেকে একটি নসিমন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনাস্থলেই সে নিহত হয়।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
