বার্সেলোনায় দুর্দান্ত ফর্মে থাকা তারকা ফুটবলার নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন 'সাদা পেলে' খ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। তিনি জানান, বার্সেলোনার এই ফরোয়ার্ডই এক সময় হতে পারেন বিশ্ব সেরা।
নিজের সময়ে অন্যতম সেরা খেলোয়াড় জিকো বার্সা টিভিকে নেইমার প্রসঙ্গে বলেন, 'বিশ্ব সেরা খেলোয়াড় হিসেবে নেইমারের নাম ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছু হতো না।'
গত বছরের ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নেইমার। এ মৌসুমের শুরুতে প্রায় দুই মাস লিওনেল মেসি চোটের কারণে বাইরে থাকার সময় লুইস সুয়ারেজের সঙ্গে কার্যকর জুটি গড়ে দলকে জয়ের পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৪ বছর বয়সী এই তারকা।
গত মৌসুমে বার্সেলোনার 'ট্রেবল' জয়েও বড় ভূমিকা ছিল নেইমারের। শেষ পর্যন্ত অবশ্য মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ১৮ গোল করা এই তারকা। বিডি নিউজ।
