মুম্বাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৪
ভারতের মুম্বাইয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে দিবস পালন করা হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন এ কথা জানায়।
 
আয়োজনের প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর অর্ধনমিত করে দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
 
এ সময় উপ-হাইকমিশনার সামিনা নাজ, মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি, কমিশনের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
 
আগত অতিথিদের উদ্দেশ্যে সামিনা নাজ বলেন, মাতৃভাষার জন্য আমাদের যে আত্মত্যাগ তা বিশ্বের ইতিহাসে এক অনন্য নজিরাই স্থাপন করেছে। তা ছিল বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বকীয়তা সমুন্নত রাখার এক অসাধারণ প্রসঙ্গ।
 
অনুষ্ঠান শেষে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।