চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমার নদী থেকে অনুমান ৩২ বছর বয়স্ক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ রোববার দুপুরে এলাকার লোকজন ৭১’র বধ্যভূমি সংলগ্ন কুমার নদীর পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় । আলমডাঙ্গা থানা পুলিশ বিকেল ৩টায় ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরনে আছে শাদা লুঙ্গি ও ধূসর রঙের জ্যাকেট । ধারণা করা হচ্ছে গত শনিবার কোন এক সময়ে এই ব্যক্তি মারা গেছে । তবে এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।
