খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০০
খাগড়াছড়িতে মোটরসাইকেল ছিনতাই করে চালককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সোমবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়।
 
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা এ অবরোধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধের সমর্থনে কাউকে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি। 
 
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার নয়টি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
 
প্রসঙ্গত, মাটিরাঙার নতুনপাড়া এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। চারদিন পর রবিবার সকালে মাটিরাঙার হৃদয় মেম্বার পাড়া রিছাং ঝর্ণা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য শান্তকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।