রাজরাজড়াদের ফোন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৬
রানি এলিজাবেথ বা আরব দেশের রাজপুত্রের কি আর মন ভরে যে কোনো ফোনে? তাদের জন্য তৈরি হয় মণিমুক্তোখচিত মোবাইল ফোন আর তাদের দাম শুনে মাথা ঘুরে আমজনতার।
 
পৃথিবীর সবচেয়ে দামি ফোনের দাম শুনলে মাথা না ঘুরে উপায়ই নেই। তবে তাতে কিছু যায় আসে ধনকুবের বা রাজরাজড়াদের। তারা যে সব ফোন ব্যবহার করেন, তাতে বসানো থাকে ব্যয়বহুল মণিমুক্তো। তেমন কিছু ফোনের কথা জানাতেই এই প্রতিবেদন—
 
১. ব্ল্যাক ডায়মন্ড আইফোন ৫
এই ডিভাইসের ডিজাইনার স্টুয়ার্ট হু। ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ফোনটি আগাগোড়া মোড়া রয়েছে দুষ্প্রাপ্য ব্ল্যাক ডায়মন্ডে, সঙ্গে স্যাফায়ার ডিসপ্লে স্ক্রিন। দাম ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
 
IMG0
 
২. ডায়মন্ড রোজ আইফোন ৪ ৩২ জিবি
এরও ডিজাইনার স্টুয়ার্ট হু। ফোনের সাইড প্যানেলগুলি মুড়ে দেওয়া হয়েছে ৫০০টি হিরে দিয়ে। রোজ গোল্ড দিয়ে তৈরি হয়েছে ফোনের ব্যাকসাইড এবং সেখানে ৫৩টি হিরে দিয়ে ডিজাইন করা হয়েছে অ্যাপল লোগো। সেন্টার নেভিগেশন বাটনটি তৈরি হয়েছে সিঙ্গল কাট ৭.৪ ক্যারেট গোলাপি হিরে দিয়ে। শুধু তাই নয়, এই ফোনটি ক্রেতার কাছে ডেলিভারি করা হয় একটি সলিড গ্রানাইট বক্সে। এক কথায় রাজকীয় ফোন। ৮০ লাখ মার্কিন ডলার।
 
৩. সুপ্রিম গোল্ডস্ট্রাইকার আইফোন থ্রিজি ৩২ জিবি
স্টুয়ার্ট হু’র ডিজাইন করা এই ফোনটি আগাগোড়া মোড়া হয়েছে ১৩৬টি হিরে এবং ২৭১ গ্রাম ২২ ক্যারেট সোনা দিয়ে। আর হোম বাটনে রয়েছে ৭.১ ক্যারেট হিরে। দুষ্প্রাপ্য কাশ্মীর গোল্ডও রয়েছে এই ফোনে। আর ফোনের ভিতরের লাইনিং করা হয়েছে দামি অ্যানিমাল স্কিন দিয়ে। দাম ৩২ লাখ মার্কিন ডলার।
 
৪. আইফোন থ্রিজি কিংস বাটন
পিটার অ্যালয়সনের ডিজাইন করা এই ফোন তৈরি ১৮ ক্যারেটের তিন রকমের সোনা দিয়ে। হোম বাটনে রয়েছে একটি ৬.৬ ক্যারেট হিরে। তাছাড়া ডিসপ্লে স্ক্রিন বরাবর ১৩৮টি নিখুঁত হিরে বসানো হয়েছে হাতে করে। দাম ১৫ লাখ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার।
 
IMG1
 
৫. আইফোন ৬ অ্যামোসু কল অব ডায়মন্ড
অ্যাপলের এই ফোনের দাম ২৭ লাখ মার্কিন ডলার। ফোনটির মূল আকর্ষণ ফোনের পিছনে থাকা একটি ৫১.২৯ ক্যারেট কুশন কাট হিরে, যার আকার অ্যাপল লোগো। তাছাড়াও আগাগোড়া হিরেতে মোড়া এই ফোনটিতে সব মিলিয়ে ৬১২৭টি হিরে রয়েছে।
 
৬. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
এর দাম ১৩ লাখ মার্কিন ডলার। ২৫.৫ কাট প্রিন্সেস ডায়মন্ড খচিত এই ফোনে রয়েছে ১৮ ক্যারেট রোজ গোল্ড। খুবই স্টাইলিশ ডিজাইন।
 
৭. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইস এই ফোন তৈরি হয়েছে ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে। ডিভাইসটির বডি হিরেখচিত। দাম এক মিলিয়ন ইউরো।
 
৮. গ্রেসো লাক্সর লাস ভেগাস জ্যাকপট
এই ডিভাইসের দাম ১০ লাখ মার্কিন ডলার। গোটা সেটটিতেই বসানো রয়েছে কালো হিরে এবং ২০০ বছরের পুরনো অ্যান্টিক। কিন্তু এর সবচেয়ে দামি অংশটি হল ফোনের কিবোর্ড। ১৭টি হ্যান্ডপলিশড নীলা বসানো রয়েছে এখানে।
 
৯. ভার্টু সিগনেচার কোবরা
এই ফোনের দাম তিন লাখ ১০ হাজার মার্কিন ডলার। দামি পাথরখচিত এই ফোনটির ডিজাইন করা হয়েছে স্লাইডিং এবং কোবরার মতো করে।
 
১০.  ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন
অভিনব সুঠাম ডিজাইনের এই ফোনে রয়েছে দু’টি হিরে। একটি ৩ ক্যারেট ওজনের, যা রয়েছে ফোনটির পিছন দিকে। অন্যটি ০.২৫ ক্যারেট ওজনের, যা রয়েছে ফোনটির সামনের দিকে। দাম তিন লাখ মার্কিন ডলার।
 
IMG2