ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে চেলসি। রবিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৫-১ গোলে জয় পায় গাস হিডিংকের দল।
চেলসির হয়ে গোলগুলো করেন দিয়েগো কস্তা, উইলিয়ান, গ্যারি ক্যাহিল, এডেন হ্যাজার্ড ও বার্ট্রান্ড ট্রাওরে। সিটির হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড ডেভিড ফাওপালা।
ম্যাচের ৩৫তম মিনিটে কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। এডেন হ্যাজার্ডের পাসে জোরাল হেডে লক্ষ্যভেদ করেন তিনি। অবশ্য দুই মিনিট পর ম্যাচচেস্টার সিটিকে সমতায় ফেরান ফাওপালা। কেলাচি ইহেনাকোর ক্রস চেলসির সেজার আজপিলিকুয়েতা পরাস্ত করেত চাইলেও ব্যর্থ হন। তার পা থেকে বল লক্ষ্যে পৌঁছে দেন ফাওপালা।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাজার্ডের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।
৫৩ তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে নেয় গাস হিডিংকের শিষ্যরা। ম্যানচেস্টার সিটির ফেরনান্দিনিয়ে বল বিপদমুক্ত করতে পারলে তা পেয়ে যান সামনে থাকা চেলসির ক্যাহিল। জোরাল শটে সুযোগটি কাজে লাগান তিনি।
ম্যাচের ৬৭ তম মিনিটে গোলের খাতায় নাম লেখান হ্যাজার্ড। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেছিলেন সিটির ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস। আর ফ্রি-কিক নিয়ে নিজের গোলটি করেন হ্যাজার্ড।
৮৯তম মিনিটে চেলসির পঞ্চম গোলটি করেন ট্রাওরে। অস্কারের ক্রসে মাথা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
