বাংলাদেশ দূতাবাস এথেন্সে দূতাবাস প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
মহান একুশের প্রথম প্রহরে দূতাবাসের পক্ষে গ্রীসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন দূতাবাসে প্রথমবারের মতো নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশী কমিউনিটি সমিতি, বাংলাদেশ-গ্রীস চেম্বার অব কমার্স, আঞ্চলিক সংগঠন, সাংস্কৃতিক ও সমাজসেবী সংগঠনসমূহ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় দূতাবাস প্রাঙ্গণে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে।
একুশে ফেব্রুয়ারি দিনভর দূতাবাস প্রাঙ্গণে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এবং এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পতাকা অর্ধনমিত করার পরই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে সকাল থেকেই মহান ভাষা আন্দোলন বিষয়ক ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
IMG0
দূতাবাসের অনুষ্ঠানসূচীর দ্বিতীয় পর্বে বিকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। এরপর রাষ্ট্রদূত দিবসটির তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় শিশুকিশোর ও স্থানীয় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
