দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৭
দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. রকি (৩০) নিহত হয়েছেন। পিকনিকের বাস উল্ট তিন শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৫জন। নিহত মো. রকি নবাবগঞ্জ উপজেলার বড় কচুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
 
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নবাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের আন্দোবপুরে এ ঘটনা ঘটে।
 
আহতরা হচ্ছেন, বগুড়ার সোনাতলা আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শারমিন সুলতানা, নবম শ্রেণির লায়লা আরজু ও সপ্তম শ্রেণির আকতার, মোটরসাইকেল আরোহী অমিত হাসান (৪০) ও রাসেল বাবু (৩৫)।   
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার সোনাতলা আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬০জন শিক্ষার্থী নিয়ে (ঢাকা-মেট্রো-জ-১৪-১৭৮৩) নম্বরের বাস স্বপ্নপুরীতে পিকনিকে যাচ্ছিল। এ সময় নবাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের আন্দোবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. রকি নামের মোটরসাইকেল চালক নিহত হন। পিকনিকের বাসটি রাস্তার পাশে খাদে উল্টে পড়লে উল্লেখিত তিন শিক্ষার্থীসহ অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হন।আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, 'নিহতের লাশ থানায় আনা হয়েছে। এর বাইরে ওই দুর্ঘটনায় বড় ধরনের কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি। সামান্য আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।'