খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, 'দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।' সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন পুলিশ সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে এস এম মনিরুজ্জামান আরো বলেন, 'পুলিশ সদস্যদেরও সামাজিক জীবন আছে। পুলিশের কেউ যদি অন্যায় কার্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে সমাজের অন্যান্য অপরাধীদের মতই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'
পুলিশ বাহিনী সবার নিরাপত্তা বিধান করে উল্লেখ করে তিনি আরো বলেন, 'দুটি-একটি ঘটনা ঘটতেই পারে। এগুলো ওইভাবে বড় আকারে না দেখে পুলিশের সেবার দিকে তাকালে সেটি কিছুই নয় বলে মনে হবে।'
খুলনা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপাররা অংশ গ্রহণ করেন।
এর আগে ডিআইজি এসএম মনির-উজ-জামান মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের নব নির্মিত প্রধান ফটকের উদ্বোধন ঘোষণা করেন।
