পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ জগেশ্বর রায় ওরফে জগেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভা ও মানবন্ধন কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ক্ষত্রিয় পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাসদ, উপজেলা কমিউনিস্ট পার্টি, বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের বিভিন্ন সাধু সন্ন্যাসী, স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
অন্যদিকে জাগো হিন্দু পরিষদ পঞ্চগড় জেলা শাখা মঠের অধ্যক্ষ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেবীগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ জাগো হিন্দু পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক দেব নারায়ন, নির্মল চন্দ্র রায়, নারায়ন চন্দ্র রায়, মহাদেব রায় প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ, উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতা সুবাস চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, গোড়া চাঁদ অধিকারী, পরিমল দে সরকার, বিপেন চন্দ্র রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, কেন্দ্রীয় জাসদ নেতা এমরান আল আমীন, নিহতের বড় ভাই রবিন্দ্রনাথ রায়, ভাতিজা বিনয় কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে পুরোহিত যগেশ্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
