জাতিসংঘের শুভেচ্ছাদূত মাশরাফি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৭
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি ‍বিন মর্তুজা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই তারকাকে শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিতে তাই জাতিসংঘের খুব একটা চিন্তা করতে হয়নি। কারণ তরুণ প্রজন্মের আইডল হয়ে উঠেছেন নড়াইল এক্সপ্রেস। নতুন এই দূতকে এখন থেকে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন কল্যাণ ও সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করতে দেখা যাবে।
 
মাশরাফি নিজের স্থান করে নিয়েছেন ক্রিকেট পাগল মানুষের মনের উঁচু কোণে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে বয়ে এনেছেন একগুচ্ছ সুখবর।
 
আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা থেকে শুরু করে বিনোদন জগতের অনেক তারকাই জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে থাকেন। মাঠের মধ্যে শক্তিশালীর নেতৃত্বের পাশাপাশি ব্যাট ও বল হাতে দক্ষতা প্রদর্শন তো অবশ্যই; মাঠের বাইরে নিজের সহজাত বিনয়ী আচরণের কারণে আদর্শ হয়ে ওঠা তারকা এই সম্মাননার সুযোগ পান।
 
এর আগে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মাশরাফি।
 
জাতিসংঘে এর আগে চিত্রনায়িকা মৌসুমি শুভেচ্ছাদূত নিযুক্ত ছিলেন। তারপরেই মাশরাফি বিন মুর্তজা এই নিয়োগ পেলেন। তবে বাংলাদেশ দলের ক্রিকেটার হিসেবে মাশরাফি দ্বিতীয় যিনি কিনা জাতিসংঘের শুভেচ্ছাদূত  হলেন। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুভেচ্ছাদূতের দায়িত্বপালন করেন।