‘পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে যাচ্ছে মেসি’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৮
সাদা পেলে বলে খ্যাত ব্রাজিলিয়ান সুপারস্টার জিকো মনে করেন লিওনেল মেসি কিংবদন্তি খেলোয়াড় পেলে-ম্যারাডোনাদের ছাড়িয়ে গেছেন তিনি। আর্সেনালের বিপক্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সুপারস্টার সম্পর্কে তিনি এই কথা বলেছেন।
 
মঙ্গলবার আর্সেনালের মাঠে তাদের বিপক্ষে মেসির দল বার্সেলোনা মুখোমুখি হবে। মেসি ছাড়াও বার্সায় রয়েছেন সময়ের সেরা দুই ফরোয়ার্ড জিকোর স্বদেশী নেইমার ও উরুগুয়ের লুইস সুয়ারেজ। তবে জিকো মনে করেন ফুটবল ইতিহাসে মেসির মতো এতটা পরিপূর্ণ খেলোয়াড় আর আসেনি কেউ। তিনি বলেন, মেসি এখন পেলে, গারিঞ্চা, বেকেনবাওয়ার ও ম্যারাডোনাদের ছাড়িয়ে যাচ্ছে। মাত্র কয়েক দিন আগে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ২৮ বছর বয়সী মেসি জানুয়ারিতে নিজের পঞ্চম ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা মেসি আরো বেশ অনেকদিন খেলবেন এবং আরো অর্জন তার নামের সঙ্গে যুক্ত হবে বলেই আশা করা যায়। 
 
বার্সেলোনার আক্রমণ ভাগের তিন সেনানী মেসি-নেইমার-সুয়ারেজের প্রশংসা করেছেন জিকো। আর্সেনালের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই বার্সা জেতার জন্য ফেভারিট উল্লেখ করে তিনি বলেন, বার্সার আক্রমণ ত্রয়ী দারুণ কারণ তারা দল হিসেবে খেলে এবং একজন আরেকজনের সঙ্গে তাদের সমন্বয় খুব ভালো। ন্যু ক্যাম্প এবং লন্ডন দুই জায়গাতেই তাই বার্সা ফেভারিট। ইএসপিএন এফসি।