ওবামা দর্শনে শতবর্ষী বৃদ্ধার ‘স্কুল ড্যান্স

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০০
বলতে গেলে এটাই তার অনেক দিনের স্বপ্ন ছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সামনাসামনি দেখবেন। সেটা সত্যি হতে দেখে ১০৬ বছর বয়সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি ভার্জিনিয়া ম্যাকলরিন। খুশিতে নৃত্য শুরু করে দিলেন তিনি। একেবারে স্কুলপড়ুয়া ছাত্রীদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে নাচ। এই নাচের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। দর্শকরা বৃদ্ধার এই নাচের নাম দিয়েছে ‘স্কুল ড্যান্স’।
 
জানা গেছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাত্ হয় ম্যাকলরিনের। দেখা হতেই প্রথমে তিনি খুশিতে চিত্কার করে উঠেন। এরপর আনন্দে ছুটোছুটি শুরু করেন। তাকে দুই হাতে ধরে রাখতে হিমশিম খেতে হয় ওবামা ও তার স্ত্রী মিশেলকে।  প্রেসিডেন্ট দম্পতি এই বৃদ্ধাকে বার বার থামতে বললেও উত্তেজনায় তিনি অবিরাম নাচ চালিয়ে যান। এরপর তিনি ওবামাকে উদ্দেশ করে বলেন, আমি ভাবতেই পারিনি কখনো হোয়াইট হাউসের ভেতরে আসতে পারবো। প্রেসিডেন্টকে চোখের সামনে দেখতে পারব। কৃষ্ণাঙ্গ ওবামাকে প্রেসিডেন্ট হিসাবে পেয়ে আমি খুব খুশি। আমি কৃষ্ণাঙ্গদের ইতিহাস উদযাপনের জন্য এসেছি। উল্লেখ্য, কিছুদিন আগে ইউটিউবে এক ভিডিওতে ম্যাকলরিন বলেছিলেন, আমি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করতে ইচ্ছুক। পুরো পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে চাই। কিন্তু আমি জানি না এটা কীভাবে সম্ভব। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।