কক্সবাজারের উখিয়ায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের উখিয়ার মোঃ শফির বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-টেকনাফের শামলাপুর ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের অছিয়র রহমানের ছেলে আব্দুল্লাহ (২০) ও মোহাম্মদ আলমের ছেলে আয়াত উল্লাহ (১৯)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, রাতে কক্সবাজারমুখী একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে গাড়ির স্পেয়ার টায়ারের টিউবের ভিতর থেকে ছয় হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় ইজি বাইক চালক ও তার সহকারীকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটককৃতরা জানান, ইয়াবার মালিক ইজি বাইক কোম্পানি টেকনাফের হাবিব ছড়া গ্রামের মোহাম্মদ নুর। তাকেও একই সাথে ইনানী ফাঁড়ি পুলিশ আটক করলেও গতকাল তাকে ছেড়ে দিয়ে আয়াত উল্লাহ ও আব্দুল্লাহকে ইয়াবা সহ থানায় সোপর্দ করে।
উখিয়া থানার ওসি বলেন, এ ব্যাপারে ইনানী ফাঁড়ি পুলিশের এস.আই. একরাম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
