এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দলে ফিরলেন সামী, শারজিল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৯
 
বাবর আজম ও রুমান রাইসের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য ওপেনার শারজিল খান ও ফাস্ট বোলার মোহাম্মদ সামীকে দলভুক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 
বোর্ডের পক্ষ থেকে সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, দুবাইতে পাকিস্তান সুপার লীগে আজম ও পেস বোলার রাইসের ইনজুরির কারণে দলে পরিবর্তন জরুরি ছিল। পিসিবি জানিয়েছে, বাবর ও রাইস দুটি টুর্নামেন্টের কোনটিতেই থাকছেন না। পাকিস্তানের হয়ে টি২০ দলে এখনো অভিষেক হয়নি এই দুই তরুণের।
 
পিসিবি সূত্র মতে, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অনুশীলনের সময় আজমের বাম হাতে চিড় ধরেছে। এ কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। অন্যদিকে বাঁহাতি পেসার রাইস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় পুনরায় ফিটনেস ফিরে পাবার লক্ষ্যে পুনর্বাসনে রয়েছেন।
 
এক বিবৃতিতে পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশীদ বলেছেন, পিএসএল ও খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে নির্বাচক কমিটি, অধিনায়ক শহীদ আফ্রিদি ও প্রধান কোচ ওয়াকার ইউনুস মিলে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের পরিবর্তে শারজিল খান ও মোহাম্মদ সামীকে দলে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। টি২০ বিশ্বকাপের আগে দলে পরিবর্তন আনার সুযোগ যেহেতু আছে সে কারণেই হার্ড হিটিং ব্যাটসম্যান খলিদ লতিফকেও দলভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
 
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এশিয়া কাপ ও ১৬ মার্চ থেকে ভারতে টি২০ বিশ্বকাপ শুরু হবে।-বাসস।